চকবাজারে ফের আগুনের আশঙ্কায় পানি দেয়া অব্যাহত: ফায়ার সার্ভিস

রাজধানীর চকবাজারে লাগা আগুন সম্পূর্ণ নিভে গেছে। তবে ধোঁয়া ও তাপের কারণে আবারও আগুন জ্বলে ওঠার আশঙ্কা রয়েছে। এ কারণে ঘটনাস্থলে পানি দেওয়ার কাজ চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ঘটনাস্থলে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

কাজী নজমুজ্জামান বলেন, আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে পেরেছেন তারা। তবে এখনো কিছু ধোঁয়া বের হচ্ছে। ধোঁয়া ও তাপের কারণে আবারও আগুন জ্বলে উঠতে পারে বলে পানি দেওয়া অব্যাহত রাখা হয়েছে।

তিনি বলেন, পিক আওয়ারে আগুন লাগায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে সময় লেগেছে। ভবনে ধোঁয়া বের হওয়ার পর্যাপ্ত জায়গা না থাকা এবং আশপাশে পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে।

এ ঘটনায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কেউ হতাহত হননি। তবে ফায়ার সার্ভিসের চার কর্মী আহত হয়েছেন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি বলে জানান তিনি।