রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা থেকে সরে যাওয়ার নির্দেশ ইয়েমেন বিদ্রোহীদের

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।

মঙ্গলবার (১৩ অক্টোবর) হুথিরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, সৌদি নেতৃত্বাধীন জোট যদি ইয়েমেনের রাজধানী সানার তেল স্থাপনায় পূর্বঘোষিত বিমান হামলা চালায়, তাহলে তারা পাল্টা জবাব দেবে। সেক্ষেত্রে লক্ষ্যবস্তু হতে পারে দাম্মামে আরামকোর সদর দপ্তর, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং রিয়াদে আরামকোর তেল শোধনাগার। এ কারণে সাধারণ মানুষকে এসব স্থাপনা থেকে সরে যেতে এবং দূরে থাকতে আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি।

এর আগে সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি সানার ওই তেল স্থাপনায় হামলার ঘোষণা দিয়েছিলেন। একইসঙ্গে সেখানকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশও দেওয়া হয়।

গত কয়েক দিন ধরে হুথি ও সৌদি আরবের মধ্যে সরাসরি সংঘাত চলছে। গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। এরপর থেকে হুথিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়ে আসছে সৌদি আরব।

মঙ্গলবারও রিয়াদ লক্ষ্য করে ড্রোন ছোড়ার ঘটনা ঘটেছে। সৌদি জোট দাবি করেছে, ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে। তবে এগুলো কোন স্থাপনাকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল কিংবা কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মুখপাত্র তুর্কি আল মালিকি।

সানায় সম্ভাব্য হামলার ঘোষণার পর হুথিদের পাল্টা হুমকিতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।