ভারতের বিরোধী দলগুলোর নেতাদের নিয়ে নিজের বাসভবনে চা-চক্রের আয়োজন করেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার (১৩ অক্টোবর) এ আয়োজনে ইন্ডিয়া জোটের নেতা, বিরোধী সংসদ সদস্য, ছাত্র সংগঠনের প্রতিনিধি ও নাগরিক সমাজের সদস্যদের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী জানান, গণতন্ত্র রক্ষার আন্দোলনে সংশ্লিষ্ট সবাই ঐক্যবদ্ধ রয়েছেন। এ আন্দোলন অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
চা-চক্র শেষে আমন্ত্রিত নেতারা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন রাহুল।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সরব রয়েছেন রাহুল গান্ধীসহ বিরোধী দলগুলোর নেতারা। এ দাবির পেছনে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত একটি প্রতিবেদনকে ভিত্তি হিসেবে তুলে ধরছেন তারা।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, গত বছর বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) কার্যক্রম চলাকালে নির্বাচন কমিশনের বেশ কিছু সিদ্ধান্তের বিষয়ে দুই নির্বাচন কমিশনারকে অবহিত করা হয়নি। ওই সিদ্ধান্তগুলোর কয়েকটি নিয়ে দুই নির্বাচন কমিশনার বারবার আপত্তিও জানিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।