চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষকের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে চট্টগ্রামের রাউজানে নবম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধে। কলম দিয়ে ওই শিক্ষককে একাধিক আঘাত করে রক্তাক্ত করে শিক্ষার্থীটি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ৩টার দিকে রাউজানের আরআরএসি সরকারি উচ্চবিদ্যালয়ে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বার্ষিক পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
ছাত্রের হামলায় আহত শিক্ষকের নাম সুচরিত চৌধুরী। তিনি আরআরএসি উচ্চবিদ্যালয়ের কারিগরি শাখার মেকানিক্যাল বিভাগের শিক্ষক। হামলার শিকার হওয়ার পর ওই স্কুলের শিক্ষকেরা তাকে দ্রুত একটি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা জানান, তার মাথার এক পাশে সেলাই পড়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহম্মদের সঙ্গে কথা বলে জানা গেছে, অভিযুক্ত শিক্ষার্থী বেশ কিছুদিন ধরেই নিয়মিত ক্লাস করছিল না। প্রায়ই দেরিতে বিদ্যালয়ে আসত এবং পরীক্ষার সময়ও যথাসময়ে উপস্থিত হতো না। মঙ্গলবার কারিগরি বিভাগের পরীক্ষা চলাকালে শিক্ষক সুচরিত চৌধুরী তার লম্বা চুলের বিষয়ে জানতে চান এবং তাকে শাসন করে চুল কাটতে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে ওই শিক্ষার্থী পরীক্ষার হলেই শিক্ষকের ওপর হামলা চালায়।
প্রধান শিক্ষক মোস্তাক আহম্মদ গণমাধ্যমকে বলেন, ওই শিক্ষার্থীর আচরণে বেশ কিছুদিন ধরে উগ্রতা লক্ষ্য করা যাচ্ছিল। এ ঘটনায় ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা ও পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। ওই শিক্ষার্থী এখন অন্যদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ আসছে তার কাছে।