সুন্দরবনে মুক্তিপণের দাবিতে নৌকাসহ দুই জেলে অপহরণ

সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে মুক্তিপণের দাবিতে দুই জেলেকে অপহরণের অভিযোগ উঠেছে বনদস্যু জিয়াউর রহমান ওরফে জিয়া বাহিনীর বিরুদ্ধে। 

অপহৃত জেলেদের মুক্তির জন্য তাদের পরিবারের কাছে দুই লাখ টাকা দাবি করা হয়েছে। সাত দিনের মধ্যে মুক্তিপণের টাকা না দিলে তাদের হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) ভোর ৫টার দিকে সুন্দরবনের বাদুড়ঝুলি খালে মাছ ধরার সময় অস্ত্রের মুখে জিম্মি করে দুই জেলেকে অপহরণ করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি নৌকা, আহরিত মাছ, খাদ্যসামগ্রীসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায় দস্যুরা।

অপহৃত জেলেরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯ নম্বর সোরা গ্রামের এছাক গাজীর ছেলে নূরুজ্জামান (২৫) ও মৃত সোহারব গাজীর ছেলে সবুর আলী (৩৫)।

পরিবারের বরাত দিয়ে স্থানীয় বাসিন্দা আবিয়ার গাজী জানান, তিন দিন আগে বুড়িগোয়ালিনী বন কার্যালয় থেকে মাছ ধরার অনুমতি নিয়ে ওই দুই জেলে সুন্দরবনে প্রবেশ করেন। বাদুড়ঝুলি খালে মাছ ধরার সময় বুধবার ভোরে অস্ত্রধারী জিয়া বাহিনীর সদস্যরা তাদের অপহরণ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বনদস্যু জিয়াউর রহমান ওরফে জিয়ার বাড়ি গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামে। তিনি মৃত তাজেল শেখের ছেলে। তাঁর বাহিনীতে আটজন সদস্য রয়েছেন বলে স্থানীয় সূত্রের দাবি।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শাহিনুর ইসলাম বলেন, জেলে অপহরণের বিষয়টি তিনি শুনেছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে বন বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।