গৌরবময় দুই দশকের সাফল্য নিয়ে এবার শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় কুকিং রিয়্যালিটি শো, রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই ‘সেরা রাঁধুনী’। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সুপরিচিত ব্র্যান্ড ‘রাঁধুনী’র নিয়মিত আয়োজন ‘সেরা রাঁধুনী’ ফিরেছে তার নবম সিজন নিয়ে। এবারের সিজনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘জীবন বদলের রেসিপি’। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রন্ধনশিল্পীদের খুঁজে বের করার এ প্রতিযোগিতা বরাবরের মতোই প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে।
রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত জমকালো সংবাদ সম্মেলনের মাধ্যমে এবারের ‘সেরা রাঁধুনী সিজন ৯’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ সাইফুল ইসলাম। এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বিপণন বিভাগের প্রধান ইমতিয়াজ ফিরোজ এবং মাছরাঙা টেলিভিশনের নির্বাহী পরিচালক ও মিডিয়া কম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুন্ডু।
এ বছরের আয়োজনে বিজ্ঞ বিচারক হিসেবে থাকছেন ইনডালজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা ও এক্সিকিউটিভ শেফ শুভব্রত মৈত্র, লে মেরিডিয়ান ঢাকার এক্সিকিউটিভ পেস্ট্রি শেফ শাহিদ শাহিন এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনয়শিল্পী জয়া আহসান।
অনুষ্ঠানে দেশের শীর্ষ গণমাধ্যমের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৌসুমী মৌ।
অনুষ্ঠানের শুরুতে সেরা রাঁধুনীর দুই দশকের পথচলা, অর্জন ও ভবিষ্যৎ প্রত্যাশার কথা জানিয়ে স্বাগত বক্তব্য দেন মো. পারভেজ সাইফুল ইসলাম। ২০ বছর আগে রান্নার মেধার সঠিক মূল্যায়নের মাধ্যমে জীবন বদলের যে স্বপ্ন নিয়ে সেরা রাঁধুনীর যাত্রা শুরু হয়েছিল, সিজন ৯-এ তা আরও বড় পরিসর পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এরপর মাছরাঙা টেলিভিশন ও মিডিয়া কম লিমিটেডের পক্ষ থেকে ২০ বছরের অর্জন ও সম্প্রচারের প্রস্তুতির কথা জানান অজয় কুমার কুন্ডু। সবশেষে বক্তব্য দেন ইমতিয়াজ ফিরোজ। তিনি গত দুই দশকে সেরা রাঁধুনীর হাত ধরে জীবন বদলে যাওয়া নতুন উদ্যোক্তা ও শেফদের কথা বলেন। একই সঙ্গে সিজন ৯ নিয়ে নিজের ভাবনার কথাও তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে নতুন লোগো ও প্রচারমূলক কনটেন্ট উন্মোচন করা হয়। এরপর নিবন্ধনপ্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়।
এ সিজনে নিবন্ধনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর ২০২৬। ১৮ বছর বা তার বেশি বয়সী যেকোনো বাংলাদেশি নাগরিক এতে অংশ নিতে পারবেন। এবারের প্রতিযোগিতায় ওয়েবসাইট কিংবা এসএমএসের মাধ্যমে রেসিপি ও তথ্য পাঠিয়ে অংশগ্রহণের আবেদন করা যাবে।
দেশজুড়ে বিভাগীয় অডিশনের পর ঢাকায় গ্র্যান্ড অডিশনের মাধ্যমে স্টুডিও রাউন্ডের প্রতিযোগী নির্বাচন করা হবে। স্টুডিও রাউন্ডে স্বাদের পাশাপাশি বিচার করা হবে পরিবেশনা, পুষ্টিমান, উদ্ভাবনী ক্ষমতা ও নেতৃত্বগুণ। বিজয়ী রাঁধুনী পুরস্কার হিসেবে জিতে নেবেন ১৫ লাখ টাকা। প্রথম ও দ্বিতীয় রানারআপ পাবেন যথাক্রমে ১০ লাখ ও ৫ লাখ টাকা।
‘সেরা রাঁধুনী সিজন ৯’-এর পুরো আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে মিডিয়া কম লিমিটেড এবং সম্প্রচারের দায়িত্বে মাছরাঙা টেলিভিশন। হসপিটালিটি পার্টনার হিসেবে রয়েছে রাঙামাটি ওয়াটারফ্রন্ট রিসোর্ট।
অংশগ্রহণের নিয়মাবলি
-
অংশগ্রহণকারীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে এবং ১৫ নভেম্বর ২০২৬ তারিখে তাঁর বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে।
-
অংশগ্রহণের জন্য নিজের রান্নার রেসিপি, খাবারের ছবি, নিজের ছবি এবং প্রয়োজনীয় তথ্য—নাম, বয়স, ঠিকানা, পেশা, মোবাইল নম্বর, ই-মেইল ও জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন/পাসপোর্ট নম্বর—প্রদান করতে হবে।
-
ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করতে ভিজিট করুন: www.sheraradhuni.com
-
এসএমএসের মাধ্যমে আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে: SR9 <স্পেস> নাম <স্পেস> বয়স <স্পেস> বিভাগ <স্পেস> রেসিপির নাম। এরপর পাঠিয়ে দিতে হবে ৮৮০৯৬১২৬১৫৫৫৫ নম্বরে।
-
‘সেরা রাঁধুনী সিজন ৮’-এর স্টুডিও রাউন্ডে অংশ নেওয়া প্রতিযোগীরা ‘সিজন ৯’-এ নিবন্ধন করতে পারবেন না।
-
নিবন্ধনের শেষ সময় ১৫ নভেম্বর ২০২৬।
প্রতিযোগিতার নিয়মাবলি
-
বিচারকদের রায়ে রেসিপি নির্বাচিত হলে প্রতিযোগীকে বিভাগীয় অডিশনের জন্য আহ্বান করা হবে।
-
অডিশনের জন্য নির্বাচিত রেসিপির খাবার প্রতিযোগীকে অডিশনের দিন নিজে তৈরি করে নিয়ে আসতে হবে।
-
তৈরি করা খাবার ও মৌখিক পরীক্ষায় কৃতকার্য হলে ঢাকায় অনুষ্ঠিত গ্র্যান্ড অডিশনের জন্য আমন্ত্রণ জানানো হবে।
যেকোনো তথ্যের প্রয়োজনে ডায়াল করুন ০৮০০০১১১৩৩৩ নম্বরে (প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা)। বিস্তারিত জানতে ভিজিট করুন ফেসবুক পেজ: www.facebook.com/SheraRadhuni