স্বামীকে ভুলে ‘প্রেসিডেন্ট’ বলে ফেললেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব

হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জাকারিয়ার প্রথম দিনটা ভালো কাটেনি। সাংবাদিকদের সামনে ব্রিফিং দিতে গিয়ে নিজের স্বামীকে ভুল করে ‘প্রেসিডেন্ট’ বলে ফেলেছেন তিনি। সেই ছোট্ট ভুলের ভিডিও মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

ক্যারোলিন লিভিটের জায়গায় আসা কেটি জাকারিয়ার প্রথম প্রেস ব্রিফিং বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। চার সন্তানের মা হিসেবে তিনি কীভাবে এত বড় দায়িত্ব সামলাবেন, এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাব দিতে গিয়েই বিপত্তি। কেটি বলতে চেয়েছিলেন তার স্বামী তাকে সাহায্য করছেন। কিন্তু মুখ ফসকে বেরিয়ে গেল, “আমার প্রেসিডেন্ট… দুঃখিত, আমার স্বামী!” ভুল বুঝতে পেরে তিনি হেসে বিষয়টা হালকা করার চেষ্টা করেন। কিন্তু সেই দৃশ্য ততক্ষণে ভাইরাল হয়ে গেছে।

সংবাদমাধ্যমগুলো কেটির এই প্রথম ব্রিফিংয়ের সমালোচনা করেছে। দ্য ডেইলি মেইল লিখেছে, তার কথা বলার ধরন রোবটের মতো লাগছিল। দ্য ইন্ডিপেন্ডেন্ট এই শুরুকে বেশ খারাপ বলে মন্তব্য করেছে। তবে ডোনাল্ড ট্রাম্প কেটির ওপর পুরো আস্থা রেখেছেন। তিনি জানিয়েছেন, প্রথম ব্রিফিংয়ে কেটি দারুণ কাজ করেছেন।

সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষ মজা নিচ্ছেন। কেউ বলছেন, কাজের চাপ থাকলে এই ভিডিও দেখলে হাসি পায়। কেউ আবার লিখেছেন, মনে হচ্ছে কোনো স্কুলের ছাত্র রিডিং পড়ে শোনাচ্ছে।

শুধু মুখ ফসকানো মন্তব্যই নয়, প্রথম দিনেই কেটির পড়াশোনা ও অভিজ্ঞতা নিয়েও প্রশ্ন উঠেছে। তিনি আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন বলে দাবি করলেও, সরকারি তালিকায় তার নামের প্রমাণ নিয়ে খটকা তৈরি হয়েছে। এক সাংবাদিক প্রশ্ন করলে কেটি জানান, তিনি চীন যাওয়ার পর পরীক্ষা পাস করেছেন। তবে এই তথ্যের সত্যতা এখনো নিশ্চিত হয়নি।

হোয়াইট হাউসের প্রেস সচিবের কাজ হলো প্রেসিডেন্টের অবস্থান তুলে ধরা এবং সাংবাদিকদের কঠিন প্রশ্নের মুখোমুখি হওয়া। কেটি জাকারিয়ার আগে সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা থাকলেও, প্রথম দিনের এই ভুলই তাকে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।