ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় আনোয়ারুল আজিম (৫৫) ও অনুপ কুমার দাস (৫৫) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) সকালে ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বৈশামোড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত দু’জনের বাড়ি নরসিংদী জেলার সদর উপজেলার সাটাড়িপাড়া বলে জানা গেছে। তারা দুইজন বন্ধু।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বুধবার সকালে নরসিংদী থেকে মোটরসাইকেল করে তারা দুইজন সিলেট যাচ্ছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে তারা সরাইল উপজেলার বৈশামোড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাদের মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অনুপ কুমার দাস মারা যান। পরে স্থানীয়রা অপর মোটরসাইকেল আরোহী আনোয়ারুল আজিমকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আব্দুল হালিম জানান, ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও এর চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।