ভারতে গঙ্গা নদীতে নৌকা ডুবে ১৩ শিশুর মৃত্যু

ভারতের বিহার রাজ্যে গঙ্গা নদীতে নৌকা ডুবে ১৩ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে হিন্দু ধর্মাবলম্বীদের একটি উৎসবে যোগ দিতে নৌকায় করে যাচ্ছিল শিশুরা। নৌকাটিতে ধারণক্ষমতার বেশি যাত্রী থাকায় সেটি উল্টে যায় বলে জানিয়েছেন স্থানীয় এক বাসিন্দা।

দুর্ঘটনার পরপরই নদীতে উদ্ধারকাজ শুরু করেন স্থানীয় লোকজন। মোবাইল ফোনের টর্চ জ্বালিয়ে অন্ধকারে নদীতে তলিয়ে যাওয়া শিশুদের খুঁজতে থাকেন তারা। এ সময় ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়। তবে তাদের মধ্যে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে, নদী থেকে ১৩ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাতে বিহারের পূর্বাঞ্চলীয় বৈশালী জেলায় এ দুর্ঘটনা ঘটে।

রামলক্ষণ নামের স্থানীয় এক বাসিন্দা জানান, নৌকাটি আকারে ছোট ছিল এবং সেটির অবস্থাও ভালো ছিল না। তা সত্ত্বেও অনেক যাত্রী গাদাগাদি করে নৌকাটিতে উঠেছিলেন।

স্থানীয় চিকিৎসক নির্মল কুমার বলেন, উদ্ধার হওয়া ছয়জনের মধ্যে দুই শিশু রয়েছে। তাদের অবস্থা গুরুতর। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৈশালীর জেলা ম্যাজিস্ট্রেট বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, নদী থেকে ১৩ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক শোকবার্তায় তিনি বলেন, বিহারের বৈশালীতে নৌকা উল্টে প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।