জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে পশু জবাই থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে প্রক্টরের দেওয়া বক্তব্য ঘিরে বিতর্কের মুখে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাম্পাসে পশু জবাইসহ যেকোনো অনুষ্ঠান আয়োজনের অধিকার সবারই রয়েছে। প্রক্টরের ওই বক্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া ভুল বোঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ করেছে প্রশাসন।
বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে ঘটনার প্রেক্ষাপট তুলে ধরে বলা হয়, গত ১২ অক্টোবর রাতে ক্যাম্পাসে খিচুড়ি রান্নাকে কেন্দ্র করে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। সে সময় দায়িত্বরত প্রক্টরের তাৎক্ষণিক হস্তক্ষেপে এবং পরদিন সংশ্লিষ্ট পক্ষগুলোর পারস্পরিক আলোচনার ভিত্তিতে বিষয়টি সন্তোষজনকভাবে সমাধান করা হয়। তবে ওই ঘটনার পর ক্যাম্পাসে যাতে নতুন করে কোনো বিশৃঙ্খলা বা উত্তেজনার সৃষ্টি না হয়, কেবল সেই উদ্দেশ্য থেকেই প্রক্টর পশু জবাইয়ের কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন।
প্রশাসন জানায়, প্রক্টরের এই অনুরোধের কারণে অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তি তৈরি হয়েছে, যা দুঃখজনক। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্পষ্ট করা হয় যে, ক্যাম্পাসে পশু জবাই কিংবা যেকোনো ধরনের উদযাপন করার এখতিয়ার সবার রয়েছে। তবে একটি কর্মসূচি যেন অন্যের কোনো উদযাপনে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার তাগিদ দেওয়া হয়েছে।
এদিকে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন শিক্ষার্থীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়ার বিষয়ে যেসব তথ্য ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।
ক্যাম্পাসের স্বাভাবিক ও শিক্ষাবান্ধব পরিবেশ সমুন্নত রাখতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে পারস্পরিক সহনশীলতা, সম্প্রীতি ও দায়িত্বশীল ভূমিকা বজায় রাখার আহ্বান জানিয়েছে জবি প্রশাসন।