পাকিস্তানে থ্রিডি প্রিন্টারে তৈরি ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে আফগানিস্তান 

অনলাইনে সহজলভ্য বাণিজ্যিক যন্ত্রাংশ, থ্রিডি প্রিন্টার ও ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার করে তৈরি ‘সস্তা কিন্তু প্রাণঘাতী’ ড্রোনের মাধ্যমে পাকিস্তানের আকাশসীমায় ধারাবাহিক হামলা চালাচ্ছে আফগান তালেবান। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দ্য ডন এই খবরের সত্যতা নিশ্চিত করেছে।

পাকিস্তানের সামরিক বাহিনী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কেবল গত সেপ্টেম্বর মাসেই আফগানিস্তান থেকে অন্তত ২৩টি ড্রোন তাদের আকাশসীমায় অনুপ্রবেশ করেছে। গত ২৩ সেপ্টেম্বর খাইবার পাখতুনখাওয়ার সীমান্ত এলাকা থেকে ১ হাজার মিটারেরও কম দূরত্বের মধ্যে ৮টি আফগান ড্রোন গুলি করে ভূপাতিত করার পর পাকিস্তান সরকার তালেবান প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক প্রতিবাদপত্র পাঠায়।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই আত্মঘাতী ড্রোনগুলোতে ৫৫ সিসির সাধারণ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা ই-কমার্স প্ল্যাটফর্ম আলিবাবায় সহজেই কিনতে পাওয়া যায়। দুই মিটার দৈর্ঘ্যের এই ড্রোনগুলো আধ কেজি থেকে এক কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে। নিম্ন উচ্চতায় ও ধীরগতিতে চলায় সহজে শনাক্ত করা কঠিন হলেও এগুলো বড় ধরনের অবকাঠামো ও মানুষের ওপর মারাত্মক মনস্তাত্ত্বিক প্রভাব ফেলতে সক্ষম।

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটে গত ফেব্রুয়ারিতে, যখন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ তালেবানের সঙ্গে সম্পর্ককে ‘উন্মুক্ত যুদ্ধ’ হিসেবে ঘোষণা করেন। আফগানিস্তানে টিটিপির আস্তানায় পাকিস্তানের বিমান হামলা এবং পাকিস্তানে টিটিপির অব্যাহত আত্মঘাতী হামলার জবাবে আফগান তালেবান এই ড্রোন আক্রমণ শুরু করে।

আফগান বিষয়ক বিশেষজ্ঞ মুখতার ওয়াফায়ি জানান, আফগান তালেবান এবং তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) মূলত একই আদর্শ ও ধর্মীয় ধারার অনুসারী একক গোষ্ঠী। ১৯৮০-র দশকে সোভিয়েত-আফগান যুদ্ধের সময় থেকে গড়ে ওঠা এই জোটের ধারাবাহিকতায় টিটিপি প্রধানও স্পষ্ট করেছেন যে তারা এবং আফগানিস্তানের ইসলামী আমিরাত মূলত অভিন্ন লক্ষ্য নিয়ে কাজ করছে।

সূত্র: দ্য ডন