গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জে ট্রাকের গতিরোধ করে গ্যাস সিলিন্ডার লুট

সিরাজগঞ্জের রায়গঞ্জে গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাকে লুটপাটের অভিযোগ উঠেছে। এসময় ট্রাকে থাকা ৪০০টি সিলিন্ডার নিয়ে যায় দুর্বৃত্তরা। এই ঘটনায় মামলা দায়েরের পরে তিনজনকে আটকের পাশাপাশি ৪৮টি সিলিন্ডার উদ্ধারের তথ্য জানিয়েছে পুলিশ। তাছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত মিনিট্রাক জব্দ করা হয় বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১২টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার দিবাগত রাতে বগুড়ার শাজাহানপুর ও সদর উপজেলায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার সাইফুল ইসলাম খান জানান, এ ঘটনায় দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারদের আদালতে পাঠানোর কথা রয়েছে।

গ্রেপ্তাররা হলেন, বগুড়ার শাজাহানপুর উপজেলার ট্রাকচালক মহিদুল ইসলাম (২৬), তার সহযোগী সাকিব হোসেন (২০) এবং বগুড়া সদর উপজেলার গোলাম মোস্তফা (৪৬)।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের কাছ থেকে উদ্ধার করা সিলিন্ডারগুলো লুট হওয়া ৪০০টির অংশ উদ্ধার করা হয়েছে।  তাছাড়া ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। 

এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ডিক্রির চর (গোপচর) এলাকার মৃত মোহাম্মদ পান্না উল্লাহর ছেলে মোহাম্মদ শফিউল্লাহ বাদী হয়ে রায়গঞ্জ থানায় মামলা করেন।

মামলার সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর রাত ৩টার দিকে রায়গঞ্জ উপজেলার চকনুর গ্রামের তালুকদার ফিলিং স্টেশন থেকে বিভিন্ন কোম্পানির ৪০০টি গ্যাস সিলিন্ডার নিয়ে একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথে রৌহা ব্রিজ এলাকায় পৌঁছালে ১৫ থেকে ১৬ জন অজ্ঞাত ব্যক্তি ট্রাকটির গতিরোধ করে। এ সময় তারা চালক আসিফসহ ট্রাকে থাকা ব্যক্তিদের ধারালো ছুরি দিয়ে হত্যার হুমকি দেয়। পরে তাদের মধ্যে দুজন চালকের পাশের আসনে বসে ট্রাকটির নিয়ন্ত্রণ নেয়। সর্বশেষ ভোর ৪টার দিকে ষোলমাইল ফায়ার সার্ভিস এলাকার একটি কবরস্থানের পাশের ফাঁকা রাস্তায় ট্রাকটি থামানো হয়। সেখান থেকে দুটি মিনি ট্রাকে ৪০০টি গ্যাস সিলিন্ডার তুলে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। এ সময় ট্রাকচালক ও তার সহকারীর কাছ থেকে তিনটি মুঠোফোন এবং নগদ ৮৬ হাজার টাকাও লুট করে তারা।