যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে শোকের মাতম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মাত্র ১১ দিনের ব্যবধানে এক বাংলাদেশি প্রবাসী পরিবারের দুই ছেলের মৃত্যু হয়েছে। বড় ছেলে শাহ আদ্রীর মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই তীব্র জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ছোট ছেলে শাহ ওয়াদি (১০)।

দুই সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন তাদের বাবা-মা। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাবা শাহ আসাদ। অন্যদিকে ছেলেদের শোকে বারবার জ্ঞান হারাচ্ছেন মা।

মৃত ব্যক্তিদের পৈতৃক বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট সদর ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে। পরিবারটি প্রায় ৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছে।

বড় ভাই আদ্রী সম্প্রতি একটি প্রতিষ্ঠানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন এবং ছোট ভাই ওয়াদি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় বড় ভাই শাহ আদ্রী মারা যান। সেই শোক কাটিয়ে ওঠার আগেই গত বুধবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে নিউইয়র্কের ব্রঙ্কসের মন্টেফিওর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ছোট ভাই শাহ ওয়াদি।

নিহতদের মামাতো ভাই তাজুল বাহার ও কামরুল হাসান জানান, একই পরিবারের দুটি সম্ভাবনাময় সন্তানের এমন অকালমৃত্যুর শোক সইতে পারছে না পরিবারটি। তাদের বাবা মানসিকভাবে ভেঙে পড়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মা মেজো ছেলে শাহ আয়ানকে জড়িয়ে বিলাপ করছেন। স্বজন ও চুনারুঘাটের এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।