ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রেসিডেন্টের প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দেশটির এডেন শহরে অবস্থিত প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে এ হামলার পর বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। হামলায় অন্তত চারজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইয়েমেনি সেনাবাহিনীর তিনটি সূত্র।
এর আগে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, হামলায় প্রেসিডেন্টের প্রাসাদের দুই নিরাপত্তারক্ষী নিহত ও ছয়জন আহত হয়েছেন। তবে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার অন্য সদস্যরা অক্ষত রয়েছেন।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-ইরয়ানি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, হুথি বিদ্রোহীরা এডেনে অবস্থিত প্রেসিডেন্টের প্রাসাদ লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
সরকারের যুব মন্ত্রণালয়ের মন্ত্রী নায়েফ সালেহ আল-বাকরি সংবাদমাধ্যম আল-আরাবিয়াকে বলেন, প্রেসিডেন্টের প্রাসাদে হুথিদের হামলায় দুই নিরাপত্তারক্ষী নিহত ও ছয়জন আহত হয়েছেন। তবে মন্ত্রিসভার সব সদস্য নিরাপদে আছেন। হামলার পরও তাঁরা এডেন ছেড়ে যাবেন না বলেও জানান তিনি।
ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদটি ‘আল-মাশিক’ নামে পরিচিত। দেশটির রাজধানী সানা হলেও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এডেনকে অস্থায়ী রাজধানী হিসেবে ব্যবহার করে। শহরটি ইয়েমেনি সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
সংবাদমাধ্যম আলজাজিরার এক সাংবাদিক ঘটনাস্থল থেকে জানান, তাঁরাও প্রেসিডেন্টের প্রাসাদ এলাকায় বিস্ফোরণের শব্দ শুনেছেন। পরে তাঁরা জানতে পারেন, ক্ষেপণাস্ত্র দিয়ে প্রাসাদটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপিকে ইয়েমেনের সেনাবাহিনীর তিনটি সূত্র জানিয়েছে, হামলায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। একই সঙ্গে আহতের সংখ্যাও বেড়ে ১০ জনে পৌঁছেছে।
গত কয়েক দিন ধরে হুথি বিদ্রোহী ও সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে সংঘর্ষ চলছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিয়ে সৌদি আরব ২০১৫ সাল থেকে হুথিদের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আসছে। ২০২২ সালে হুথিদের সঙ্গে যুদ্ধবিরতি হলেও সাম্প্রতিক সময়ে তা ভেঙে পড়েছে।
সূত্র-এএফপি, আল-জাজিরা