মাগুরায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা

মাগুরার শালিখা উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পেশাগত দায়িত্ব পালনার্থে সংঘাতের দৃশ্য ভিডিও করার সময় হামলার শিকার হয়েছেন ‘দৈনিক গ্রামের কাগজ’ ও ‘দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার স্থানীয় প্রতিনিধি জসীম উদ্দীন। সাংবাদিকের ওপর হামলার এই ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে শালিখা উপজেলার শতখালী নতুন বাজার এলাকায় এই অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ ও হামলার ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক এবং ওয়াদুদ বিশ্বাসের মধ্যে রাজনৈতিক বিরোধ ও বাকবিতণ্ডা দিয়ে ঘটনার সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই সেই বিরোধ দুপক্ষের সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।

সংঘর্ষের খবর পেয়ে পেশাগত দায়িত্ব পালনের জন্য ঘটনাস্থলে যান সাংবাদিক জসীম উদ্দীন। এ সময় তিনি মোবাইল ফোনে ভিডিও চিত্র ধারণ শুরু করলে তারা ক্ষিপ্ত হয়ে উঠে তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি মারাত্মক আহত হন। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইমুন নেসা জানিয়েছেন, চিকিৎসাধীন সাংবাদিক জসীম উদ্দীন বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।

সংবাদ সংগ্রহের সময় গণমাধ্যমকর্মীর ওপর এই ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতা ও নিরাপত্তা ব্যবস্থার জন্য চরম হুমকি হিসেবে উল্লেখ করে জড়িতদের শনাক্ত ও দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন শালিখার কর্মরত সাংবাদিকেরা।

ঘটনার বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. গোলাম জাহিদ হোসেন বলেন, মোস্তাক আগের কমিটিতে পদে থাকলেও বর্তমান কমিটিতে নেই। তবে কোনো সংবাদকর্মীর ওপর হামলা অত্যন্ত দুঃখজনক।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, সাংবাদিকের ওপর হামলার খবর তারা পেয়েছেন। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলেই জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া হবে।