নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘোড়াশাল বাইপাস সড়কসংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঘোড়াশালের ফুলদিরটেক এলাকার সৌদি প্রবাসী রাশেদুল ইসলামের স্ত্রী আকলিমা আক্তার পাখি (৩০) এবং তাদের মেয়ে রাফা মনি (৮)। তারা স্থানীয় একটি ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় মেয়েকে নিয়ে ঘোড়াশাল বাইপাস এলাকা দিয়ে হাঁটার সময় রেললাইনে উঠেন আকলিমা। এ সময় ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মা আকলিমার মৃত্যু হয়। মর্মান্তিক এ দুর্ঘটনায় মেয়ে রাফা মনি গুরুতর আহত হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ রাতে ঘটনাস্থলে পৌঁছে আকলিমার মরদেহ উদ্ধার করে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই দিলীপ চন্দ্র সরকার জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।