শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চুয়াডাঙ্গার সীমান্তবর্তী ২৪টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) থেকে আগামী ২২ অক্টোবর পর্যন্ত অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে বিজিবি।
বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন দর্শনা, দামুড়হুদাসহ সীমান্তবর্তী এলাকার এসব পূজামণ্ডপে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে সীমান্তের তিন কিলোমিটারের মধ্যে দুটি এবং আট কিলোমিটারের মধ্যে ২২টি পূজামণ্ডপ রয়েছে।
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, এ বছর দামুড়হুদা উপজেলায় ১২টি এবং দর্শনা থানা এলাকায় ১৮টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন করা হবে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, গুজব ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ এবং যেকোনো পরিস্থিতি দ্রুত মোকাবিলায় বিশেষ সতর্কতা অবলম্বনের উদ্যোগ নেওয়া হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বাংলাদেশের ঐতিহ্য।