সৈয়দপুরে মিলল ‘নিখোঁজ’ ঢাবি অধ্যাপকের সন্ধান 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সাবেক অধ্যাপক দুলাল কান্তি ভৌমিককে নীলফামারীর সৈয়দপুরে পাওয়া গেছে বলে জানিয়েছেন তার স্বজনরা। তিনি বর্তমানে ঢাকায় নিজের বাসায় ফিরছেন। তবে কী কারণে এবং তার সঙ্গে কী ঘটেছিল, সে বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, অধ্যাপক দুলাল কান্তি ভৌমিককে নীলফামারীর সৈয়দপুরে পাওয়া গেছে। তিনি সৈয়দপুরে গিয়েছিলেন এবং সেখান থেকে নিজেই বাসে করে ঢাকায় ফিরছেন। ঢাকায় ফেরার পর তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

অধ্যাপক দুলাল কান্তি ভৌমিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের শিক্ষক ছিলেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকার বাসা থেকে ওষুধ কেনার কথা বলে বের হন তিনি। এরপর দীর্ঘ সময় পার হলেও বাসায় ফিরে না আসায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

রাত ১০টা পর্যন্ত তার কোনো খোঁজ না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে তার সন্ধান চেয়ে মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্ত্রী ড. কল্পনা হালদার।