চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত ৫৫ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। চলতি অক্টোবর মাসের প্রথম ১৫ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৮ জন।
হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন গড়ে ২০ থেকে ২৫ জনের ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে। তাদের মধ্যে দৈনিক তিন থেকে চারজনের শরীরে ডেঙ্গু ভাইরাসের উপস্থিতি শনাক্ত হচ্ছে। আক্রান্তদের কেউ কেউ চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হচ্ছেন না। স্থানীয় পর্যায়ে সংক্রমণ বাড়তে থাকায় জনসাধারণের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৩ সেপ্টেম্বর মারা যান উপজেলার খাগুড়িয়া গ্রামের সিয়াম (২০)। পরে ৭ অক্টোবর মারা যান আদুরভিটি গ্রামের জহিরুল ইসলাম (৫০)।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোবারক হোসেন জানান, শরীরে তীব্র জ্বর, বমি, পেটে ব্যথা বা শ্বাসকষ্টের মতো জটিল লক্ষণ দেখা দিলে দ্রুত স্থানীয় হাসপাতালে এসে বিনামূল্যে চিকিৎসা নেওয়া উচিত।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি মতিউর রহমান চৌধুরী বলেন, বর্তমান ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় উপজেলা স্বাস্থ্য বিভাগ, পৌরসভা ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং মশার প্রজননস্থল ধ্বংসে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজন কুমার দাশ জানান, ডেঙ্গু শনাক্তকরণের পর্যাপ্ত কিট এবং চিকিৎসার জন্য প্রয়োজনীয় স্যালাইনসহ অন্যান্য ওষুধ মজুত রয়েছে। তবে ল্যাবে মাত্র একজন টেকনোলজিস্ট থাকায় পরীক্ষা-নিরীক্ষা করতে কিছুটা সমস্যা হচ্ছে। তাকে সহায়তা করার মতো অন্য কোনো কর্মী নেই।