সাভারে ইতালি প্রবাসী নিখোঁজ, দুই দিনেও মেলেনি খোঁজ

সাভারে নিখোঁজের দুই দিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ইতালি প্রবাসী কাজী জাবেরের (৩৪)।

জাবেরের পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার (১৪ অক্টোবর) সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার সঙ্গে পরিবারের সদস্যদের আর কোনো যোগাযোগ হয়নি। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় সাভার মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বাবা বাচ্চু কাজী।

নিখোঁজ কাজী জাবের সাভার পৌরসভার সবুজবাগ এলাকার বাসিন্দা বাচ্চু কাজীর ছেলে। তিনি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ইতালিতে বসবাস করেন। গত ৫ অক্টোবর পরিবার নিয়ে বাংলাদেশে আসেন তিনি।

জাবেরের বাবা বাচ্চু কাজী জানান, বুধবার বেলা ১১টার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন তার ছেলে। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ওই দিন রাত ১১টার দিকে ছেলের ইমু নম্বরে একটি বার্তা পান তিনি। সেখানে লেখা ছিল, ‘আমি ভালো আছি, সকালে বাসায় ফিরব।’ তবে এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। তার মুঠোফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।

বাচ্চু কাজী আরও জানান, ছেলের নিখোঁজ হওয়ার পর বন্ধু ও আত্মীয়স্বজনের কাছে খোঁজ নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। পরিবারের সঙ্গে কারও কোনো বিরোধ নেই। হঠাৎ করে ছেলের নিখোঁজ হওয়ার ঘটনায় তারা উদ্বেগের মধ্যে রয়েছেন।

এদিকে দুই দিন পেরিয়ে গেলেও জাবেরের সন্ধান না মেলায় পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে। তাকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, ইতালি প্রবাসী কাজী জাবেরের নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তার সন্ধানে পুলিশ কাজ করছে।