কার্যালয়ে সংঘর্ষ: কুমিল্লা মহানগরী কমিটি ভেঙে দিল জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরী শাখা জামায়াতের সংগঠন ও ইমারাত (কমিটি ও নেতৃত্ব) ভেঙে দেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় দলটির মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

একই সঙ্গে গত বুধবার দলের কুমিল্লা মহানগর শাখা কার্যালয়ে সংঘটিত ঘটনার তদন্তে দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরী শাখা কার্যালয়ে গত বুধবার সংঘটিত ঘটনা এবং উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনার জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। বৈঠকে নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।’ 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘দলের গঠনতন্ত্রের ১৬ নম্বর ধারার ৩ নম্বর উপধারার ‘চ’ অনুচ্ছেদ অনুসরণ করে ৬৩ নম্বর  ধারার ক্ষমতাবলে কুমিল্লা মহানগরী জামায়াতের সংগঠন ও ইমারাত ভেঙে দেওয়া হয়েছে। এখন থেকে কেন্দ্রের তত্ত্বাবধায়নে কুমিল্লা মহানগরী সংগঠন পরিচালিত হবে এবং কুমিল্লা মহানগরী সংগঠন কেন্দ্রের পক্ষ থেকে তত্ত্বাবধায়নে দায়িত্ব পালন করবেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।’

এদিকে গত বুধবারের ঘটনা তদন্তে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- সংগঠনের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। এ কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে আমীরে জামায়াতের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন জমার পর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রাতে দলটির সদ্য বিলুপ্ত কুমিল্লা মহানগর কমিটির আমীর কাজী দ্বীন মোহাম্মদ বলেন, দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত এরই মধ্যে জানতে পেরেছি। এখন থেকে কেন্দ্রের সিদ্ধান্ত অনুসারে এখানে দলের কার্যক্রম চলবে।

এর আগে, গত বুধবার রাতে কুমিল্লা নগরীর গাংচর এলাকার ফারুকী হাউসে দলটির কুমিল্লা মহানগর আমীর নির্বাচনের প্রস্তুতি সভা চলাকালে নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় দলের কার্যালয়ের সামনে রাখা মহানগর সেক্রেটারি মো. মাহাবুবুর রহমানের একটি গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।