ছাগল চুরির অভিযোগে গ্রেপ্তার ২, আটক ৯ কিশোর

রাঙামাটি জেলা সদরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পরিচালিত একটি বিশেষ অভিযানে ছাগল চুরির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে চুরি হওয়া একটি ছাগল উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ছাড়া শহরের বিভিন্ন পয়েন্টে সন্দেহজনক গতিবিধির কারণে ৯ জন কিশোরকে আটক করা হয়।

শুক্রবার (১৬ অক্টোবর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ এলাকায় কোতোয়ালি থানা-পুলিশ এই বিশেষ ঝটিকা অভিযান পরিচালনা করে।

জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের সার্বিক দিকনির্দেশনায় এবং কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের প্রত্যক্ষ নেতৃত্বে পুলিশের বিশেষ দল অভিযানটি পরিচালনা করে।

অভিযানে ছাগল চুরির সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সেকান্দার বাদশা ওরফে মনির (২৯) এবং মোহাম্মদ অনিক ইসলাম (৩২)। পুলিশ তাঁদের কাছ থেকে চুরি হয়ে যাওয়া ছাগলটি উদ্ধার করতে সক্ষম হয়। এই ঘটনায় দণ্ডবিধির ৩৭৯ ধারায় একটি চুরি মামলা দায়ের করে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

একই অভিযানে পৌর এলাকার বিভিন্ন রাস্তায় অহেতুক ঘোরাঘুরি ও সন্দেহভাজন গতিবিধির দায়ে ৯ জন কিশোরকে আটক করে থানায় নেওয়া হয়। আটককৃত কিশোরেরা হলো নাহিদুল ইসলাম (১৬), মো. নাইম (১৭), রবিউল ইসলাম (১৬), আজিম হোসাইন (১৬), মো. শহিদুল ইসলাম (১৬), মো. সিহাব (১৭), মো. আজিজ (১৬), মো. ইমরান (১৭) ও মেহেদী হাসান ইমন (১৭)।

পুলিশ জানায়, কিশোরদের আটক করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তথ্য যাচাই-বাছাই করা হয়। পরবর্তীতে কিশোর অপরাধ রোধে কঠোর আইনি বার্তা দিয়ে এবং ঊর্ধ্বতন কতৃপক্ষের অনুমোদনক্রমে মুচলেকা নিয়ে তাঁদের নিজ নিজ মা-বাবার জিম্মায় ছেড়ে দেওয়া হয়।