কারাগারের ভেতরে বিলাসী জীবনযাপনের অভিযোগ এবং সহবন্দির সঙ্গে মারামারিতে আহত হওয়ার খবরের মধ্যে যুক্তরাষ্ট্রের সংগীত তারকা শন ‘ডিডি’ কম্বসকে পেনসিলভানিয়ার একটি ফেডারেল কারাগারে স্থানান্তর করা হয়েছে।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, যৌনকর্মসংক্রান্ত অপরাধে দণ্ডিত এই গায়ক নিউ জার্সির কারাগার থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি জানান, ৫৬ বছর বয়সী কম্বসকে নিউ জার্সির এফসিআই ফোর্ট ডিক্স কারাগার থেকে পেনসিলভানিয়ার এফসিআই অ্যালেনউড লো কারাগারে নেওয়া হচ্ছে। নিম্ন নিরাপত্তাব্যবস্থার এই কারাগারটি উইলিয়ামসপোর্টের দক্ষিণে এবং নিউইয়র্ক শহর থেকে প্রায় ২৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। পরিচয় প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তি এ তথ্য দেন।
পরে বার্তা সংস্থা এএফপিকেও যুক্তরাষ্ট্রের কারা ব্যুরোর (বিওপি) এক মুখপাত্র জানান, কম্বসকে ফোর্ট ডিক্স থেকে অ্যালেনউড লো কারাগারে স্থানান্তর করা হয়েছে।
জেলখানায় বিলাসী জীবনযাপনের খবরের পর নতুন কারাগারে সংগীত তারকা ডিডি
এআই বিনিয়োগে মার্কিন অর্থনীতিতে বড় ধরনের ধাক্কার আশঙ্কা
কম্বসের মুখপাত্র জুডা এঙ্গেলমেয়ার বলেন, ‘বন্দিদের কোথায় রাখা হবে, সে সিদ্ধান্ত নেয় কারা ব্যুরো। তাকে স্থানান্তরের পেছনের পরিস্থিতি নিয়ে মন্তব্য করার অবস্থানে আমরা নেই।’
তিনি আরও বলেন, ‘শন সামনে এগিয়ে যাওয়ার দিকেই মনোযোগী। আমরা আশা করি, নতুন কারাগারে তার সময় ফলপ্রসূ হবে এবং অপ্রয়োজনীয় বিঘ্ন ছাড়াই কাটবে।’
২০২৫ সালের ২ জুলাই যৌনকর্মসংক্রান্ত অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর কম্বসকে চার বছর দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। অঙ্গরাজ্যের সীমানা পেরিয়ে যৌন সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে ব্যক্তিদের পরিবহনের অভিযোগে তার বিরুদ্ধে এই সাজা হয়। মামলায় সহিংসতা এবং তার আয়োজিত ‘ফ্রিক-অফস’ নামে পরিচিত যৌন পার্টি নিয়ে ভয়াবহ সাক্ষ্য উঠে আসে। সংগীত ও বিনোদনজগতের অন্যতম প্রভাবশালী এই ব্যক্তির বিরুদ্ধে মামলাটি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
গত সেপ্টেম্বরে এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ফোর্ট ডিক্স কারাগারেও কম্বস তার কোটিপতি জীবনের কিছু সুবিধা ভোগ করছিলেন। অভিযোগ অনুযায়ী, তিনি গোপনে হেনেসি কনিয়াক মদ আনাতেন, অন্য বন্দিদের দিয়ে রান্না, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বিছানা গোছানোর কাজ করাতেন এবং ম্যাসাজ নিতেন। এ ছাড়া নিষিদ্ধ মুঠোফোন ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম দেখতেন এবং সাবেক প্রেমিকার নগ্ন সেলফিও দেখেছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়।
এরপর বুধবার বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম টিএমজেড জানায়, ফোর্ট ডিক্সে আরেক বন্দির সঙ্গে মারামারিতে আহত হন কম্বস এবং চিকিৎসার জন্য তাকে কারাগারের বাইরে নেওয়া হয়। তবে এপিকে দেওয়া বক্তব্যে কারা ব্যুরো টিএমজেডের খবরটি নাকচ করে বলেছে, ‘আপনি যে প্রতিবেদনের কথা বলছেন, সেটি মিথ্যা এবং এমন ঘটনা ঘটেনি।’
এনবিসির প্রতিবেদন প্রকাশের পর কম্বসকে কারাগারের বিশেষ আবাসন ইউনিটে রাখা হয়েছিল। শৃঙ্খলাজনিত সমস্যা বা নিরাপত্তাঝুঁকিতে থাকা বন্দিদের সাধারণ বন্দিদের কাছ থেকে আলাদা রাখতে কারাগারের এই অধিক সুরক্ষিত অংশ ব্যবহার করা হয়।
বিষয়টি সম্পর্কে অবগত ওই ব্যক্তির বরাতে এপি জানিয়েছে, কম্বসের ভালো আচরণের জন্য প্রাপ্য সাজা কমানোর হিসাব থেকে ৪১ দিন কেটে নেওয়া হয়েছে। এতে তার মুক্তির সম্ভাব্য তারিখ পিছিয়ে ২০২৮ সালের ২ মার্চ হয়েছে।
এদিকে, নিজের দণ্ড ও সাজা বাতিলের আবেদনের বিষয়ে গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সার্কিট আপিল আদালতে শুনানি হয়। কম্বসের আইনজীবীরা সাজাটিকে অতিরিক্ত কঠোর বলে যুক্তি দিয়েছেন। তবে আদালত এখনো এ বিষয়ে কোনো রায় দেননি।