চীনে উপযুক্ত শৌচাগারের অভাব রয়েছে বলে হোয়াইট হাউসের সদ্য বরখাস্ত হওয়া প্রেস সচিব কেটি জাকারিয়ার এক মন্তব্যের জবাবে বেইজিং তাকে চীন ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সিএনএনের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
পডকাস্টার জ্যাক পোসোবিকের সঙ্গে কথা বলার সময় জাকারিয়া দাবি করেন, ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে নির্বাচন চলাকালে চীনের উত্থান নিয়ে কথা হলেও দেশটি এখনো যথাযথ টয়লেট সুবিধাহীন। এই মন্তব্যের প্রেক্ষিতে শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানান, সুযোগ পেলেই জাকারিয়ার উচিত আরও বেশি করে চীন সফর করা।
চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোতে নেটিজেনরা এই মন্তব্যকে বোকা আখ্যা দিলেও অনেকেই স্বীকার করেছেন, এক দশক আগের পরিস্থিতির সঙ্গে বর্তমানের ব্যাপক পরিবর্তন এসেছে। জাকারিয়ার লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী, তিনি ২০১১ সাল থেকে প্রায় দুই বছর বেইজিংয়ের অন্যতম বৃহত্তম আইন সংস্থা ঝোং লুন-এ কাজ করেছিলেন।
তবে চীনের বিচার মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী কেবল দেশটির নাগরিকরাই সেখানে আইন অনুশীলনের লাইসেন্স পেতে পারেন, ফলে জাকারিয়া কীভাবে আন্তর্জাতিক ট্রানজ্যাকশনাল আইনে প্র্যাকটিস করার আইনি যোগ্যতা পেয়েছিলেন তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। দায়িত্ব নেওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে পদ থেকে অব্যাহতি দেন।
সূত্র: সিএনএন