নেত্রকোনায় সাংবাদিক হত্যায় ৮ জনের বিরুদ্ধে মামলা

নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত সাংবাদিক লুৎফরজ্জামান ফকির ওরফে আলিফ ফকির হত্যার ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে তার স্ত্রী অনিন্দিতা সাংমা বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা ৮ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার সাকের আহমেদ।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এসআরবি-১৪ ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি মোঃ মাসুদরানা। তিনি বলেন, ‘ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ঘটনার পর থেকেই কর্মকর্তারা এলাকায় কাজ করছেন। পাশাপাশি ছায়া তদন্ত ও অব্যাহত আছে।’

তার স্ত্রী অনিন্দিতা জানান, তার দুটি সন্তান রয়েছে। স্বামীকে নৃশংসভাবে হত্যায় সন্তানদের নিয়ে আতঙ্কিত হয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার আনুমানিক রাত ৮ টার দিকে উপজেলার তেলুঞ্জিয়া এলাকায় একটি চায়ের দোকানের সামনে গুলি  করা হয় সাংবাদিক আলিফ ফকিরকে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সাকের আহমেদ বলেন, ‘ঘটনার পর থেকে আসামীদের সনাক্তের কাজ চলছে। আশপাশের সিসিটিভির ফুটেজ ঘটনার আলামত সবকিছু মাথায় রেখে তদন্ত চলছে। খুব শীঘ্রই জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’