সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ৫ লাখ ৭৯ হাজার ১০০ টাকার জাল নোটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের পবনারটেক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বরিশালের আগৈলঝাড়া থানার ফুল্লশ্রী গ্রামের মো. কামাল সরদার (৪৮) ও গৌরনদী থানার চরসি গ্রামের মানিক সরকার (১৯)। পুলিশ জানায়, তারা গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার ভবানীপুর এলাকায় হযরত আলীর বাড়িতে ভাড়া থেকে জাল টাকার কারবার করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় কামাল সরদারের কাছ থেকে এক হাজার টাকা মূল্যমানের ২০০টি ও ৫০০ টাকা মূল্যমানের ৬১১টি জাল নোট উদ্ধার করা হয়। এ ছাড়া জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত নোট শক্ত করার আঠা এবং বরিশাল-ল-১১-০৭৫২ নম্বরের একটি পুরোনো কালো হোন্ডা মোটরসাইকেল জব্দ করা হয়।
অন্যদিকে, মানিক সরকারের কাছ থেকে ১০০ টাকা মূল্যমানের ৭২৩টি ও ৫০ টাকা মূল্যমানের ২৬টি জাল নোট উদ্ধার করা হয়। দুইজনের কাছ থেকে উদ্ধার করা জাল নোটের মোট মূল্য ৫ লাখ ৭৯ হাজার ১০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম জানান, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে। জাল নোট তৈরি, সরবরাহ ও বাজারজাতকরণের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।