অন্য সবার মতো শিশুদেরও ইন্টারনেটে প্রবেশের অধিকার আছে: ভারতের সুপ্রিম কোর্ট

শিশুদের ইন্টারনেট ব্যবহারের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। আদালত বলেছে, অন্য সবার মতো শিশুদেরও ইন্টারনেটে প্রবেশ ও তা ব্যবহারের অধিকার রয়েছে।

আদালতের বিচারপতি জামশেদ বুরজোর পারদিওয়ালা ও বিনোদ কে চন্দ্রনের বেঞ্চ এক আদেশে জানায়, সংবিধানের ২১ অনুচ্ছেদ এবং ১৯(১)(ক) অনুচ্ছেদ অনুযায়ী ইন্টারনেট ব্যবহারের অধিকার মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত।

আদালত আরও বলেছে, বয়স যা-ই হোক, শিশুরাও সমান অধিকার ভোগ করে। শিশুদের নিরাপত্তা ও স্বাধীনতা পরস্পরের বিরোধী নয়। তাদের দুটিই নিশ্চিত করতে হবে।

অনলাইনে শিশুদের যৌন নির্যাতন ও শোষণসংক্রান্ত উপাদান ঠেকাতে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যর্থতার অভিযোগে একটি বেসরকারি সংস্থার করা আবেদনের শুনানিতে আদালত এসব কথা বলে।

এ ধরনের ক্ষতিকর উপাদান শনাক্ত ও সরিয়ে ফেলতে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো কী প্রযুক্তি ব্যবহার করছে, সে বিষয়ে সরকারের কাছে বিস্তারিত তথ্য চেয়েছে আদালত। পাশাপাশি এ ধরনের উপাদান শনাক্ত ও অপসারণের জন্য একটি জাতীয় তথ্যভান্ডার তৈরির নির্দেশ দিয়েছে। এতে সংশ্লিষ্ট ওয়েব ঠিকানা ও ডিজিটাল উপাদানের শনাক্তকারী তথ্য রাখা হবে।

আদালত আরও বলেছে, ডিজিটাল নিরাপত্তা ও বয়স উপযোগী যৌনশিক্ষা শিক্ষাক্রমের গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত।

বিশ্বের কয়েকটি দেশ শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ আরোপের উদ্যোগ নিয়েছে। এমন পরিস্থিতিতে ভারতের সর্বোচ্চ আদালতের এই পর্যবেক্ষণ সামনে এল। দেশটিতে ডিজিটাল ব্যবহারকারী দ্রুত বাড়ছে। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট স্ট্যাটিসটার তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবর পর্যন্ত ভারতে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৪০ কোটি ৩০ লাখের বেশি ছিল।

সূত্র: আনাদোলু এজেন্সি