খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলায় জেলা আইসিটি কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এসি, ফ্যান, ব্যাটারি, আসবাবসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
খুলনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মাসুদ রানা বলেন, সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তদন্ত ছাড়া আগুনের সূত্রপাতের কারণ বলা সম্ভব নয়।
খুলনা ফায়ার সার্ভিসের টুটপাড়া স্টেশনের সিনিয়র অফিসার মো. জাকির হোসেন বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলার আইসিটি কক্ষে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নেভানো হয়।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। কক্ষটিতে কী পরিমাণ কম্পিউটার, এসি ও অন্যান্য সরঞ্জাম ছিল, সে বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, আগুন দ্রুত নিয়ন্ত্রণে এসেছে। ওই কক্ষে বিভিন্ন উপজেলার আইসিটি বিভাগের সার্ভার রয়েছে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণসহ বিস্তারিত তথ্য জানা যাবে।