লক্ষ্মীপুরের রায়পুরে মন্দিরে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে কামাল হোসেন (৪৫) নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। কামাল হোসেনকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক ফৌজিয়া মোস্তফা তাকে মৃত ঘোষণা করেন।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চরপাতা ইউনিয়নের চরপাতা গ্রামের সর্বজনীন শ্রীশ্রী গোপাল গিরিধারী মন্দিরে এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান ওই চিকিৎসক।
মন্দিরের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, কামাল একটি মই নিয়ে বৈদ্যুতিক লাইন মেরামত করছিলেন। এ সময় বিদ্যুতায়িত হয়ে তিনি নিচে পড়ে যান।
নিহত কামাল হোসেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সুলতান খানের ছেলে। তিনি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার একটি ডেকোরেটরের দোকানে কাজ করতেন।
চরপাতা সর্বজনীন শ্রীশ্রী গোপাল গিরিধারী মন্দির পরিচালনা কমিটি ও পূজা উদ্যাপন কমিটির সভাপতি সমির কর্মকার বলেন, ‘মন্দিরের পূজামণ্ডপে বৈদ্যুতিক কাজ করার সময় অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটে।’
রায়পুর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি তপন ভক্ত জানান, এটি একটি দুর্ঘটনা। এ ঘটনায় তাঁরা মর্মাহত এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তাদের ভাষ্য, এ ঘটনায় মণ্ডপ কমিটির কোনো গাফিলতি নেই।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দীন ভূঁঞা বলেন, সিসিটিভি ফুটেজ দেখে ঘটনাটিকে দুর্ঘটনা বলে নিশ্চিত হওয়া গেছে। কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।