হুথিদের হামলায় ইয়েমেনের ৮ সেনা নিহত

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় লাহিজ প্রদেশে হুথি বিদ্রোহীদের হামলায় দেশটির সরকারি বাহিনীর আট সেনা নিহত হয়েছেন। 
শনিবার (১৭ অক্টোবর) রাতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সেনাবাহিনী।

সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট তুর আল-বাহাহ মিলিটারি এক্সিসের বিবৃতিতে বলা হয়, লাহিজের আল-মাকাতিরাহ ফ্রন্টে এসব সেনা প্রাণ হারিয়েছেন। তবে হামলার ধরন কিংবা সেনাদের মৃত্যুর পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি হুথি বিদ্রোহীরা।

এর আগে শনিবার সকালে তাইজ প্রদেশে হুথিদের গোলাবর্ষণে তিন বেসামরিক নাগরিক নিহত হন। নিহতদের মধ্যে দুজন নারী রয়েছেন। ওই ঘটনায় আহত হন আরও পাঁচজন।

দীর্ঘদিন বিরতির পর গত জুলাই থেকে হুথি বিদ্রোহী ও সৌদি আরব-সমর্থিত ইয়েমেনি বাহিনীর মধ্যে আবারও তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর পরিস্থিতি তুলনামূলক শান্ত ছিল। তবে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় দেশটিতে সহিংসতা বাড়ছে। সংঘর্ষে সৌদি আরব বিমান হামলার মাধ্যমে সরাসরি জড়িয়ে পড়ে। এর জবাবে সৌদি আরবের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় হুথিরাও।

২০১৪ সালে হুথি বিদ্রোহীরা রাজধানী সানাসহ ইয়েমেনের বেশ কয়েকটি অঞ্চল দখল করে নেয়। এর পর থেকেই দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়, যা বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকট তৈরি করেছে। হুথিদের রাজধানী সানা থেকে সরিয়ে দিতে ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত ইয়েমেনে বিমান হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

দীর্ঘস্থায়ী এই যুদ্ধের কারণে ইয়েমেনের বিপুলসংখ্যক মানুষ দুর্ভিক্ষ ও খাদ্যসংকটে পড়েন। নতুন করে সংঘাত তীব্র হওয়ায় দেশটির মানুষ আবারও ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: আনাদোলু