সাংবাদিক আলিফ হত্যার ঘটনায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যা মামলায় জড়িত সন্দেহে অপূর্ব (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে দুর্গাপুর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে থানা-পুলিশের একটি দল। অপূর্ব দুর্গাপুর উপজেলার বাসিন্দা।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাংবাদিক আলিফ হত্যার ঘটনা বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করা হবে।

এর আগে গত বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুরের তেলুঞ্জিয়া এলাকায় গুলি করে আলিফকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় শুক্রবার রাতে তার স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে দুর্গাপুর থানায় অজ্ঞাতনামা আটজনকে আসামি করে মামলা করেন।

লুৎফুজ্জামান আলিফ ফকির বেসরকারি আইপিটিভি (ইন্টারনেট প্রটোকল টেলিভিশন) চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। 

পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। ওই পেজে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে লেখালেখি করতেন তিনি।

আলিফের গ্রামের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে। তিনি দুর্গাপুরের তেলুঞ্জিয়া এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন। তার চার বছর বয়সী একটি মেয়ে ও দেড় বছর বয়সী একটি ছেলে রয়েছে।