চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের পাশের একটি পরিত্যক্ত ভবন থেকে থানা থেকে লুট হওয়া একটি পিস্তল, দুটি অতিরিক্ত খালি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) ভবনটির দ্বিতীয় তলায় একটি কালো শপিং ব্যাগের ভেতর থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার আগ্রাবাদ সরকারি কমার্স কলেজের পাশের পরিত্যক্ত শিক্ষাভবনটিতে অভিযান চালানো হয়। এ সময় ভবনের দ্বিতীয় তলায় তল্লাশি করে একটি কালো শপিং ব্যাগ পাওয়া যায়। পরে ব্যাগটি খুলে ম্যাগাজিনসহ একটি ‘টরাস’ পিস্তল, দুটি অতিরিক্ত খালি ম্যাগাজিন ও আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
ডবলমুরিং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ফয়সল বলেন, উদ্ধার হওয়া পিস্তলটি ২০২৪ সালের ৫ আগস্ট ডবলমুরিং থানার অস্ত্রাগার থেকে লুট হয়েছিল।
তবে পিস্তলটি কীভাবে ওই পরিত্যক্ত ভবনে পৌঁছাল, কারা সেখানে রেখেছে এবং এ ঘটনার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।