ভারতীয় র্যাপার ও গায়ক ইয়ো ইয়ো হানি সিংকে দুই ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছে মহারাষ্ট্র সাইবার পুলিশ। দিল্লির একটি কনসার্টে অশালীন মন্তব্য করার অভিযোগে দায়ের হওয়া মামলায় বক্তব্য রেকর্ড করতে পুলিশের দপ্তরে হাজির হন তিনি।
বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার (১৬ অক্টোবর) পুলিশের দপ্তরে উপস্থিত হয়ে নিজের বক্তব্য রেকর্ড করান হানি সিং। জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে গেলেও সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি এই গায়ক।
২০২৬ সালের জানুয়ারিতে দিল্লিতে আয়োজিত একটি কনসার্টে হানি সিং অশালীন মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। পরে মুম্বাইয়ের এক বাসিন্দা এ বিষয়ে সাইবার পুলিশের কাছে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে পুলিশ।
অভিযোগে বলা হয়, কনসার্টে হানি সিংয়ের বক্তব্যে অশালীন ইঙ্গিত ছিল। তবে অভিযোগের বিষয়টি এখনো তদন্তাধীন।
প্রতিবেদন অনুযায়ী, এর আগে হানি সিংকে তিনবার তলব করেছিল পুলিশ। তবে প্রতিবারই তিনি হাজির হননি। সে সময় তিনি বিদেশে অবস্থান করছেন বলে জানিয়েছিলেন। পরে তাকে ১৬ অক্টোবর পুলিশের দপ্তরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।
পুলিশের এক কর্মকর্তা সতর্ক করেছিলেন, সর্বশেষ নির্দেশও অমান্য করলে হানি সিংয়ের বিরুদ্ধে লুক আউট সার্কুলার (এলওসি) জারির প্রক্রিয়া শুরু হতে পারে। এর মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির দেশত্যাগ বা দেশে প্রবেশের ক্ষেত্রে নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বার্তায় নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছিলেন হানি সিং। তিনি জানান, তরুণ প্রজন্মের সঙ্গে তাদের ভাষায় কথা বলে একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে বক্তব্য প্রকাশের ধরন যে অনুচিত ছিল, তা তিনি বুঝতে পেরেছেন।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করে হানি সিং বলেন, নিজের মন্তব্যের জন্য তিনি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।