বোমা হামলার হুমকি পাওয়ার পর ইসরায়েলের তেল আবিব থেকে অস্ট্রিয়ার ভিয়েনাগামী অস্ট্রিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় জরুরি অবতরণ করেছে। রোববার (১৯ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, অস্ট্রিয়ান এয়ারলাইন্সের ওএস৮২ নম্বরের এয়ারবাস এ৩২০-২০০ বিমানটি রোমানিয়া সীমান্তের কাছাকাছি পৌঁছালে সেটিতে বোমার হুমকি পাওয়া যায়। পরিস্থিতি বিবেচনায় একটি মিগ-২৯ যুদ্ধবিমানের পাহারায় বিমানটিকে সোফিয়ার ভাসিল লেভস্কি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করানো হয়।
বিমানটিতে ৬ জন ক্রু এবং ৫১ জন যাত্রী ছিলেন এবং অবতরণের পর সকল যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। ঘটনার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুসন্ধান শুরু করেছে এবং অনুসন্ধান শেষ হলে যাত্রীদের বিকল্প ফ্লাইটে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটগুলোর তথ্য অনুযায়ী, বিমানটি বেন গুরিয়ন বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এবং জরুরি বার্তা পাঠানের পর সোফিয়ার দিকে মুখ ঘুরিয়ে নেয়। এ ঘটনায় একটি সংকট মোকাবিলা দল গঠন করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এর আগে গত মাসে সংযুক্ত আরব আমিরাত থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানে এক ফার্স্ট অফিসার চালককে আক্রমণ করে ‘আত্মঘাতী’ হামলার চেষ্টা চালালে বিমানটি সৌদি আরবে জরুরি অবতরণে বাধ্য হয়। উক্ত ঘটনার পর ইসরায়েল সরকার সেদেশে আসা সমস্ত বিমানের পাইলটদের পরিচয় পুনরায় যাচাই করার নির্দেশ জারি করেছে।
সূত্র: আল জাজিরা