হাসপাতালে রোগীদের দৈনিক খাবারের বরাদ্দ ২৫০ টাকা করা হবে: জিয়াউদ্দিন হায়দার

সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের দৈনিক খাবারের বরাদ্দ বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দার। বর্তমানের ১৫০ টাকার স্থলে এই বরাদ্দ বাড়িয়ে ২৫০ টাকা করা হবে বলে জানান তিনি।

রোববার (১৮ অক্টোবর) রাতে বাগেরহাট-২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসক ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জিয়াউদ্দিন হায়দার বলেন, ‘সরকারি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের জন্য বর্তমানে জনপ্রতি খাবার বরাদ্দ মাত্র ১৭৫ টাকা। কিন্তু ভ্যাট ও ট্যাক্স কাটার পর এই বরাদ্দ নেমে আসে মাত্র ১৪৯ থেকে ১৫০ টাকায়। বর্তমান বাজারে এই সামান্য টাকা দিয়ে একজন মানুষের তিন বেলার পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা অত্যন্ত কষ্টকর।’

ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দার বলেন, ‘বাংলাদেশের বর্তমান স্বাস্থ্য ব্যবস্থ্যা ট্রাডিশনাল। আর বেশিরভাগ ট্রিটমেন্ট (চিকিৎসা) ফোকাস। এটাকে পরিবর্তন করে প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থা করার প্রক্রিয়া চলছে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী ১ লাখ স্বাস্থ্য ও উন্নয়ন কর্মী নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। যার মধ্যে এই বছরই ৪৩ থেকে ৪৫ হাজার কর্মী নিয়োগ দেওয়া হবে। বর্তমানে ৪০ হাজার স্বাস্থ্যকর্মী আছে। এই ১ লাখ ৪০-৪৫ হাজার কর্মী গ্রামঞ্চলে কাজ করবে। আমরা এটা নিশ্চিত করতে চাই, একজন স্বাস্থ্যকর্মী প্রতি বছর দেশের প্রতিটি ঘরে অন্তত ৩ থেকে ৪ বার যাবে তার বক্স নিয়ে। সে ওই পরিবারের সবার স্বাস্থ্য চেকআপ করবে। যাতে কোনো রোগ আগে থেকেই শনাক্ত করা যায়। কারণ বর্তমানে অসংক্রামক রোগে যে মানুষ মারা যাচ্ছে, তা দেরিতে শনাক্ত হওয়ার কারণে।’

এছাড়া বাগেরহাট-২৫০ শয্যা জেলা হাসপাতালের সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দার।

মত বিনিময় সভায়, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, সিভিল সার্জন আ.স.ম মাহবুবুল আলম, বাগেরহাট-২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু রাসেলসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।