ইতিহাসের দুয়ারে অপ্রতিরোধ্য বার্সেলোনা

৯ ম্যাচে ৯ জয়। প্রতিপক্ষের জালে ৩৯ গোল, বিপরীতে হজম মাত্র ৯টি। হান্সি ফ্লিকের অধীনে লা লিগায় যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে বার্সেলোনা। রিয়াল বেতিসকে তাদেরই মাঠে ৫-২ গোলে হারিয়ে জয়ের এই ধারায় নতুন এক ইতিহাস গড়েছে কাতালানরা। স্প্যানিশ লিগে মৌসুমের প্রথম ৯ ম্যাচে টানা জয়ের রেকর্ডে এবার ভাগ বসিয়েছে তারা। এখন সেই রেকর্ড এককভাবে নিজেদের করে নেওয়ার হাতছানি। আর সেই সুযোগ আসতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষেই।

সেভিয়ার লা কার্তুহা স্টেডিয়ামে বেতিসকে হারানোর ম্যাচে বার্সেলোনার হয়ে গোল করেছেন লামিনে ইয়ামাল, রদ্রি, গ্যাব্রিয়েল জেসুস, এরিক গার্সিয়া ও দানি ওলমো। স্বাগতিকদের হয়ে গোল করেন ভ্যালেন্তিন গোমেস ও আবদে এজালজুলি। সাত গোলের এই ম্যাচে ছিল উত্তেজনা, বাতিল হওয়া গোল এবং লাল কার্ডের নাটকীয়তা। 

দ্বিতীয়ার্ধে ফাকুন্দো বেরনাল লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের বেতিসের ওপর চাপ আরও বাড়িয়ে দেয় বার্সেলোনা। এই জয়ে লা লিগায় মৌসুমের প্রথম ৯ ম্যাচেই জয়ের কীর্তি গড়েছে ফ্লিকের দল। ১৯৬৮-৬৯ মৌসুমে প্রথম ৯ ম্যাচে টানা জিতেছিল রিয়াল মাদ্রিদ। এতদিন রেকর্ডটি এককভাবে তাদের দখলে ছিল। এবার সেই কৃতিত্বের ভাগীদার হলো বার্সেলোনা।

তবে গোল করার দিক থেকে আগের রিয়ালকে ছাড়িয়ে গেছে বর্তমান বার্সেলোনা। প্রথম ৯ ম্যাচে ৩৯ গোল করেছে কাতালানরা। ১৯৬৮-৬৯ মৌসুমে এই সময়ে রিয়ালের গোল ছিল ২১টি।

অন্যদিকে চলতি মৌসুমে ৯ ম্যাচে বার্সেলোনার বিপক্ষে গোল হয়েছে মাত্র ৯টি। বার্সেলোনার জন্য অর্জনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। ২০১৩-১৪ মৌসুমে জেরার্দো মার্তিনোর অধীনে লিগের প্রথম আট ম্যাচে জিতেছিল দলটি। কিন্তু নবম ম্যাচে ওসাসুনার সঙ্গে গোলশূন্য ড্রয়ে থেমে যায় সেই জয়যাত্রা। এবার আর কোনো বাধা আসেনি। ৯ ম্যাচে ৯ জয় তুলে নিয়ে লিগে শতভাগ সাফল্য ধরে রেখেছে ফ্লিকের দল। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমের প্রথম ১১ ম্যাচেও জয় পেয়েছে তারা।