সাফের জন্য ২৮ ফুটবলারের নাম জমা দিয়েছেন ডুলি

আগামী ৫ নভেম্বর থেকে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। রোববার (১৮ অক্টোবর) খেলোয়াড় তালিকা জমা দেওয়ার ডেডলাইন ছিল।  আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে ২৮ জনের নাম জমা দিয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ থমাস ডুলি।

সাধারণত প্রাথমিক তালিকা হয় ৩৫ জনের। টুর্নামেন্ট শুরুর এক দিন আগে দল চূড়ান্ত হয়। সাফ ও আন্তর্জাতিক টুর্নামেন্টেও এই রকমই নিয়ম। 

এবার সাফ খানিকটা ভিন্ন করেছে। ৫০ জনকে রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছে। সেখান থেকে ১৮ অক্টোবরের মধ্যে ২৮ জনের নাম ফাইনাল করার নিদের্শনা ছিল। অনুশীলনের সময় ইনজুরি কিংবা পারফরম্যান্সে খেলোয়াড় পরিবর্তন প্রয়োজন পড়তে পারে।

এ নিয়ে বাংলাদেশের কোচ থমাস ডুলি বলেন, ‘এটা সাফের আইন। আমাদের কিছু করার নেই। আমাকে ১৮ অক্টোবরের মধ্যে নাম দিতে বলেছে আমি দিয়েছি।’

এবারের সাফে অংশগ্রহণ করছে ৬টি দেশ। এর মধ্যে কয়েকটি দেশ খেলোয়াড় নাম জমা দিতে কয়েক দিন সময় চেয়েছে।