ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ তামিম রানা (৩৫) নামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সিপাহীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) বিকালের দিকে আখাউড়া পৌরসভার দেবগ্রাম নয়াবাজার এলাকায় মা জননী স্টোরের সামনে আখাউড়া-মোগড়া বাজারগামী সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশের একটি দল এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন থানার উপপরিদর্শক (এসআই) মো. সামছুল হক। এ সময় সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ওমর ফারুক ও বিল্লাল হোসেনসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।
গ্রেপ্তার তামিম রানা রাঙ্গামাটি পার্বত্য জেলার বরকল বিওপিতে ৪৫ ব্যাটালিয়ন বিজিবির অধীনে সিপাহী হিসেবে কর্মরত। তিনি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার হরিরামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নিকুরকান্দা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি বিজিবির পরিচয়পত্র (আইডি কার্ড) এবং ভেগা ভি৭ মডেলের একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় তামিম রানার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম।