কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

কিউবার ৯৫ বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন মিয়ামির একটি আদালত। ১৯৯৬ সালে দুটি বেসামরিক বিমান গুলি করে ভূপাতিত করে চারজনকে হত্যার ঘটনায় তার নামে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

ফ্লোরিডা ডিপার্টমেন্ট অব ল এনফোর্সমেন্টের তদন্তের পর আদালতের প্রাপ্ত নথির বরাতে জানা গেছে, রাউল কাস্ত্রোর বিরুদ্ধে কিউবার গোয়েন্দা এজেন্টের সঙ্গে যুক্ত হয়ে প্রথম ডিগ্রির হত্যাকাণ্ড সংঘটিত করার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। উক্ত ঘটনায় নিহত চারজনের মধ্যে তিনজন মার্কিন নাগরিক ছিলেন।

তদন্তকারী দলের হলফনামা অনুযায়ী কিউবার দুজন চক্রান্তকারী মিয়ামি ও কি ওয়েস্টের ‘ব্রাদার্স টু দ্য রেসকিউ’ নামক সংস্থায় অনুপ্রবেশ করে উড্ডয়ন সংক্রান্ত আগাম তথ্য কিউবা কর্তৃপক্ষের কাছে পাঠায়। এর ভিত্তিতে ১৯৯৬ সালের ২৪ ফেব্রুয়ারি কিউবার যুদ্ধবিমান দুটি ছোট বিমান গুলি করে নামায়। ঘটনাটি আন্তর্জাতিক আকাশসীমায় ঘটেছিল বলে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থাও নিশ্চিত করেছে।

ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল জেমস উথমিয়ার সোমবার মিয়ামিতে এক সংবাদ সম্মেলনে এই গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে বিস্তারিত ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে। এর আগে গত মে মাসেও মার্কিন বিচার বিভাগ একই ঘটনায় কাস্ত্রোর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ এনেছিল।

সূত্র: আনাদোলু এজেন্সি