আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ

২০২৮ সালের আলিম পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ পাঠ্যসূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। এতে বিষয় কাঠামো, বিষয় কোড, বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন ও নম্বর বণ্টনসহ পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) বোর্ডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম পরীক্ষার্থীদের জন্য প্রকাশিত এই নির্দেশনা প্রযোজ্য হবে।

বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলিম পরীক্ষা ২০২৮-এর প্রস্তুতির জন্য প্রয়োজনীয় বিষয় কাঠামো, বিষয় কোড, প্রশ্নের ধারা ও নম্বর বণ্টনসহ পূর্ণাঙ্গ সিলেবাস প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে শিক্ষার্থীদের বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, এইচএসসি ও আলিম পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র প্রণয়নের উদ্যোগের অংশ হিসেবে সাধারণ শিক্ষা ধারার এইচএসসি এবং মাদ্রাসা শিক্ষা ধারার আলিম স্তরের বিষয় কোড সমন্বয় করা হয়েছে।

বোর্ডের পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুনর্নির্ধারিত বিষয় কোড নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে আলিম পরীক্ষা ২০২৭ থেকে কার্যকর হবে। এর ফলে নিয়মিত শিক্ষার্থীদের নিবন্ধন, ফরম পূরণ, প্রবেশপত্র, প্রশ্নপত্র, উত্তরপত্র, ফলাফল তৈরি, নম্বরপত্র ও সনদসহ পরীক্ষা-সংশ্লিষ্ট সব কার্যক্রমে নতুন বিষয় কোড ব্যবহার করতে হবে।

তবে অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য আগের বিষয় কোডই বহাল থাকবে।

নতুন সিলেবাস, বিষয় কাঠামো ও নম্বর বণ্টনের বিস্তারিত তথ্য জানতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (https://bmeb.gov.bd/) থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখার পরামর্শ দেওয়া হয়েছে।