দিনাজপুরের নবাবগঞ্জে নিজ বাড়িতে রাখা সাপের কামড়ে লোগেন হাসদা (৫৫) নামের এক প্রবীণ সাপুড়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এলাকায় তিনি দীর্ঘদিন ধরে ‘পাগল ওঝা’ নামে পরিচিত ছিলেন। সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার চালনিপাড়া গ্রামে সাপের বাক্স থেকে সাপ বের করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লোগেন হাসদা উপজেলার ৮ নম্বর মাহমুদপুর ইউনিয়নের চালনিপাড়া গ্রামের মৃত শংকর হাসদার ছেলে। প্রায় ৩০ বছর ধরে তিনি নবাবগঞ্জ ও আশপাশের বিভিন্ন এলাকায় সাপ খেলা দেখানো এবং ওঝা হিসেবে কাজ করে আসছিলেন।
মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছান সালাউদ্দিন মাসুম পরিবারের বরাত দিয়ে জানান, সোমবার সকাল ১০টার দিকে সাপ খেলা দেখানোর প্রস্তুতি নিচ্ছিলেন লোগেন। এ উদ্দেশ্যে বাড়িতে রাখা বাক্স থেকে সাপ বের করার সময় বাক্সে থাকা একটি বিষধর সাপ হঠাৎ তার হাতে কামড় বসায়।
ঘটনার পরপরই পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরবর্তীতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের পর তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মাহমুদপুর ইউপি চেয়ারম্যান হাছান সালাউদ্দিন মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।