যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি মাস্কের

যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে নিজের মহাকাশ ও কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক প্রতিষ্ঠান স্পেসএক্সের একটি করে শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইলন মাস্ক। আগামী বছর এ উদ্যোগ বাস্তবায়নের কথা জানিয়েছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক বলেন , আগামী বছর আমি আমেরিকার প্রতিটি শিশুকে আমার স্পেসএক্সের একটি করে শেয়ার দেব। এটি এমন অনেক পদক্ষেপের মধ্যে প্রথম।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, স্পেসএক্সের বর্তমান বাজারমূল্য প্রায় ২ ট্রিলিয়ন ডলার। গত জুনে প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো সর্বসাধারণের জন্য শেয়ার কেনাবেচা শুরু করে। এটি ছিল ইতিহাসের বৃহত্তম প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও। শুক্রবার বাজার লেনদেন শেষে প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের দাম ছিল প্রায় ১৪৬ ডলার।

তবে শিশুদের মধ্যে কীভাবে শেয়ার বিতরণ করা হবে কিংবা কোন বয়সসীমার শিশুরা এ সুবিধা পাবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি মাস্ক।

যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর তথ্য অনুযায়ী, দেশটিতে ১৮ বছরের কম বয়সী মানুষের সংখ্যা প্রায় ৭ কোটি ৩০ লাখ। প্রত্যেক শিশুকে একটি করে শেয়ার দেওয়া হলে এবং শেয়ারপ্রতি দাম ১৪৬ ডলার ধরে হিসাব করলে উপহারের মোট মূল্য দাঁড়াবে প্রায় ১০ দশমিক ৭ বিলিয়ন ডলার।