দর্শক ধারণক্ষমতায় ভারতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নিয়েছে ভিয়েতনাম। দেশটির রাজধানী হ্যানয়ে নির্মাণাধীন ভিনফাস্ট ত্রং ডং স্টেডিয়ামে একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন ১ লাখ ৩৫ হাজার দর্শক।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের আগস্টের মধ্যে স্টেডিয়ামটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন হলে ২০২৮ সালেই এটি চালু হতে পারে। তবে প্রকল্পের কাজ সময়মতো শেষ হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
ভিয়েতনামের বৃহৎ আন্তর্জাতিক ক্রীড়া নগরী প্রকল্পের অংশ হিসেবে নির্মাণ করা হচ্ছে এই স্টেডিয়াম। ২০২৫ সালের ১৯ ডিসেম্বর প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এটি নির্মাণে বিনিয়োগ করা হয়েছে ২০০ কোটি ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৪ হাজার ৭৩০ কোটি টাকা।
স্টেডিয়ামটির নকশায় তুলে ধরা হয়েছে ভিয়েতনামের প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য। দেশটির ঐতিহ্যবাহী ডং সন ব্রোঞ্জের ঢোলের আদলে তৈরি করা হচ্ছে এর স্থাপত্য। আধুনিক নির্মাণশৈলীর সঙ্গে স্থানীয় ইতিহাস ও সংস্কৃতির সমন্বয় ঘটানোই এ নকশার মূল উদ্দেশ্য।
খেলাধুলার পাশাপাশি বড় আকারের কনসার্ট ও অন্যান্য আয়োজনের উপযোগী করে তৈরি করা হচ্ছে স্টেডিয়ামটি। এতে থাকবে স্বয়ংক্রিয়ভাবে খোলা ও বন্ধ করা যায় এমন ছাদ। ফলে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে আবহাওয়াজনিত বাধা মোকাবিলা করা সহজ হবে বলে আশা করা হচ্ছে।
বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি দর্শক ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়াম ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। এতে একসঙ্গে প্রায় ১ লাখ ৩২ হাজার দর্শক বসতে পারেন। হ্যানয়ের নির্মাণাধীন ভিনফাস্ট ত্রং ডং স্টেডিয়ামের পরিকল্পিত ধারণক্ষমতা এর চেয়ে ৩ হাজার বেশি। নির্মাণকাজ শেষ হলে দর্শক ধারণক্ষমতার দিক থেকে ভারতের এই স্টেডিয়ামকে ছাড়িয়ে যাবে ভিয়েতনামের নতুন ক্রীড়া স্থাপনাটি।