রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৬৭ জন রয়েছেন। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৯৬ জন, ওয়ারী বিভাগে ৫০ জন, উত্তরা বিভাগে ৪২ জন, লালবাগ বিভাগে ৩৫ জন, মতিঝিল বিভাগে ৩৫ জন, রমনা বিভাগে ৩৩ জন, গুলশান বিভাগে ২৪ জন এবং গোয়েন্দা বিভাগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে একটি বিদেশি পিস্তল, ১০ কেজি গাঁজা, ১৭ হাজার ২১৬ পিস ইয়াবা, ১০টি মোবাইল ফোন ও ১৩ হাজার ৭৭০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দুই ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।