ডেমোক্র্যাটরা জয়ী হলে যুক্তরাষ্ট্রেও ফ্রান্সের মতো ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়তে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (১৯ অক্টোবর) কানসাস অঙ্গরাজ্যের পার্ক সিটিতে রিপাবলিকান সিনেটর রজার মার্শালের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
ফ্রান্সের সাম্প্রতিক সহিংস বিক্ষোভকে উদাহরণ হিসেবে টেনে ট্রাম্প দাবি করেন, রিপাবলিকানরা জয়ী না হলে একই পরিস্থিতি মার্কিন মুলুকেও দেখা দেবে। ফ্রান্সের জ্বলন্ত গির্জার চূড়া ও দাবানলের উদাহরণ দিয়ে তিনি মন্তব্য করেন, চরমপন্থী ডেমোক্র্যাটরা আমেরিকাকে সেই একই পরিণতিতে নিয়ে যেতে চায়।
ইরান যুদ্ধ ও মূল্যবৃদ্ধির কারণে ভোটারদের অসন্তোষের মুখে পড়া রিপাবলিকান প্রার্থী রজার মার্শালকে জেতাতে ট্রাম্প এই ক্যানসাস সফর করেন। ক্যানসাসে গত ৯৪ বছর ধরে কোনো ডেমোক্র্যাট সিনেটর নির্বাচিত হননি, তবে এবার ডেমোক্র্যাটিক প্রার্থী অ্যাডাম হ্যামিল্টনের সাথে কঠিন প্রতিযোগিতার মুখে পড়েছেন প্রথম মেয়াদের সিনেটর মার্শাল।
রয়টার্স-ইপসোস জনমত জরিপ অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের জনসমর্থন কমে ৩১ শতাংশের সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। প্রচারণা সভায় ট্রাম্প ডেমোক্র্যাটদের কটাক্ষ করতে অভিবাসীবিরোধী ও মুসলিমবিরোধী মন্তব্যও পুনর্ব্যক্ত করেন।
সূত্র: রয়টার্স