কুড়িগ্রাম

ভাতিজার বাড়ির ঘর থেকে চাচার খণ্ডিত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে ভাতিজার বাড়ির শয়নকক্ষ থেকে মোকসেদ আলী ওরফে বাচ্চু মিয়া (৬০) নামে এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ২টা ২০ মিনিটের দিকে উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের কিশামত মধুপুর খামার গ্রামের পণ্ডিতপাড়া এলাকায় এ ঘটনা জানাজানি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত বাচ্চু মিয়া রংপুর মহানগরের মাহিগঞ্জ থানার নব্ধিগঞ্জ কলাবাড়ি এলাকার মৃত সজর উদ্দিন সরকারের ছেলে। তিনি রংপুর থেকে গ্রামের বাড়িতে বেড়াতে এসে ভাতিজা মিঠু মিয়ার বাড়িতে অবস্থান করছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতের কোনো একসময় বাচ্চু মিয়া হত্যাকাণ্ডের শিকার হন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে রাত ২টা ২০ মিনিটের দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে হত্যাকাণ্ডের খবর দেওয়া হয়। খবর পেয়ে উলিপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের বড় বোন মাজেদা বেগম মরদেহ শনাক্ত করেন।

পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে মরদেহ কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী জানান, ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। মামলা ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশ।