সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পারিবারিক কলহের জেরে গ্যাসের ট্যাবলেট খেয়ে রাম প্রসাদ (৩০) ও তার ১৩ বছর বয়সি কন্যা কিরণ মালা আত্মহত্যা করেছে। সোমবার (১৯ অক্টোবর) উপজেলার শুভগাছা ইউনিয়নের তারাকান্দি হাওলদার পাড়ায় এ ঘটনা ঘটে।
মৃত রাম প্রসাদ ইউনিয়নের তারাকান্দি গ্রামের সোনা প্রসাদের ছেলে, পেশায় একজন মৎস্যজীবী ছিলেন। এবং তার মৃত কন্যা কিরণ মালা স্থানীয় বাংলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
থানা সূত্রে জানা যায়, সোমবার রাম প্রসাদ হালদার ও তার মেয়ে কিরণমালা তরলজাতীয় কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনের অবস্থাই আশঙ্কাজনক হওয়ায় সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে কিরণমালার মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেলের দিকে তার বাবা রাম প্রসাদ হালদারও মারা যান। পারিবারিক কলহের কারণে তাঁরা কীটনাশক পান করেছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাম প্রসাদ ও তার ২য় স্ত্রী হাওসি রাণীর মধ্যে পারিবারিক কলহ চলে আসছিলো। ঘটনার কয়েকদিন পূর্ব থেকে ঝগড়াঝাঁটি চলছিল। এবং এ কারণে কয়েকদিন ধরে রাম প্রসাদ ঘরের বারান্দায় ঘুমাতো। ঘটনার আগে পাড়ায় চলমান দুর্গা পূজার মণ্ডপে তারা বাবা-মেয়ে দীর্ঘ সময় কাটিয়ে গভীর রাতে বাড়ি ফেরে। এবং কোমলপানীয়ের সাথে ইঁদুর নিধনের গ্যাস ট্যাবলেট মিশিয়ে পান করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাজিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।