ক্যাচ মিস করার পর হতাশা থেকে বল মাটিতে ছুড়ে মারায় শাস্তির মুখে পড়েছেন ভারতের ওপেনার শেফালি ভার্মা। এ ঘটনায় তাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাশাপাশি তার শৃঙ্খলাজনিত রেকর্ডে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
গত রোববার রায়পুরে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে এ ঘটনা ঘটে। জিম্বাবুয়ের ইনিংসের ১২তম ওভারে শ্রি চরানির বলে মিড-অফ অঞ্চলে চিপো মুগেরি-তিরিপানোর ক্যাচ নিতে পারেননি শেফালি। এরপর হতাশা প্রকাশ করে বলটি মাটিতে ছুড়ে মারেন ভারতের এই ওপেনার।
আইসিসির আচরণবিধির ২.২ অনুচ্ছেদ লঙ্ঘনের দায়ে শেফালিকে শাস্তি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক ম্যাচে ক্রিকেটের সরঞ্জাম, পোশাক, মাঠের সরঞ্জাম কিংবা স্থাপনার অপব্যবহারসংক্রান্ত অপরাধ এই অনুচ্ছেদের আওতাভুক্ত। আইসিসির নিয়ম অনুযায়ী, ঘটনাটি লেভেল-১ অপরাধ হিসেবে বিবেচিত হয়েছে।
শেফালি নিজের অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি জি এস লক্ষ্মীর দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। গত ২৪ মাসে এটিই তার প্রথম অপরাধ।
আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল-১ অপরাধে আনুষ্ঠানিক তিরস্কার থেকে শুরু করে ম্যাচ ফির সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হতে পারে। কোনো খেলোয়াড় ২৪ মাসের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পেলে সেগুলো সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয়, যার ফলে নিষেধাজ্ঞার মুখেও পড়তে পারেন তিনি।