সেঞ্চুরির দোরগোড়ায় গিয়ে মাত্র নয় রানের আক্ষেপে পুড়লেও বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাস নতুন করে লিখলেন তরুণ ওপেনার জাওয়াদ আবরার। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) মাত্র ২২ বলে ফিফটি স্পর্শ করে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম অর্ধশতকের নতুন জাতীয় রেকর্ড গড়েছেন তিনি।
এর মধ্য দিয়ে দীর্ঘ ১১ বছর অক্ষত থাকা একটি ঐতিহাসিক রেকর্ডের পতন ঘটালেন জাওয়াদ। এর আগে ২০১৪-১৫ মৌসুমের জাতীয় ক্রিকেট লিগে ২৪ বলে দ্রুততম ফিফটির রেকর্ডটি গড়েছিলেন হার্ডহিটার অলরাউন্ডার জিয়াউর রহমান। সেই রেকর্ড ভেঙে নিজের করে নিলেন বয়সভিত্তিক ক্রিকেটে দ্যুতি ছড়ানো এই তরুণ।
চলমান জাতীয় ক্রিকেট লিগে রাজশাহী বিভাগের বিপক্ষে বরিশাল বিভাগের হয়ে দ্বিতীয় ইনিংসে মাঠে নেমে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ব্যাট চালাতে থাকেন জাওয়াদ। ২২ বলে দ্রুততম ফিফটি পূর্ণ করার পর ইনিংসটি টেনে নেন তিন অঙ্কের কাছাকাছি। তবে সেঞ্চুরি ছোঁয়ার ঠিক আগমুহূর্তে ৯৪ বলে ৯১ রানের ঝোড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। তার এই লড়াকু ইনিংসে ছিল ৯টি চার ও ৪টি দৃষ্টিনন্দন ছক্কার মার।
দ্রুত ফিফটি হাঁকিয়ে ইনিংসটি বড় করার পাশাপাশি ব্যাটিংয়ের বড় অংশজুড়েই রাজত্ব করেছেন অনূর্ধ্ব-১৯ দলের সাবেক এই ব্যাটার। তার এই আগ্রাসী ব্যাটিংয়ের ওপর ভর করে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে বরিশাল বিভাগ। ম্যাচের তৃতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ২৪৯ রান, যার ফলে রাজশাহীর বিপক্ষে তাদের লিড দাঁড়িয়েছে ২১ রানে।