ফোডেনের হ্যাটট্রিকে হালান্ডকে ছাড়াই ম্যানচেস্টার সিটির বড় জয়

অবশেষে খরা কাটালেন ফিল ফোডেন। দীর্ঘদিন ধরে ছন্দের বাইরে থাকা এই ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডার হ্যাটট্রিক করে নিজের ফেরার বার্তা বার্তা দিলেন বেশ জোরেশোরেই।

তার দারুণ নৈপুণ্যে চ্যাম্পিয়নস লিগে গ্রিক ক্লাব এইকে এথেন্সকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে ইত্তিহাদ স্টেডিয়ামে যেন ফোডেন-ঝড় দেখেছে ফুটবলবিশ্ব। গত দুই মৌসুম ধরে বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া ২৬ বছর বয়সী এই তারকা নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে লড়াইয়ের কথা অকপটে স্বীকার করেছিলেন আগেই। গত শনিবার ইপসউইচের বিপক্ষে গোল করার আগে টানা ১০ মাস গোলের মুখ দেখেননি ফোডেন।

এমনকি চলতি বছরের শুরুতে ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড থেকেও বাদ পড়েছিলেন তিনি। অবশেষে গত বছরের নভেম্বরের পর আবারও চ্যাম্পিয়নস লিগে গোলের দেখা পেলেন এবং এক ম্যাচেই তুলে নিলেন দুর্দান্ত হ্যাটট্রিক।

ঘরের মাঠে অবশ্য ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। নটিংহ্যাম ফরেস্ট থেকে ক্লাবে আসার পর সিটির জার্সিতে নিজের প্রথম গোলটি করেন এলিয়ট অ্যান্ডারসন।

৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফোডেন। রিকো লুইসের সঙ্গে দারুণ বোঝাপড়ার পর বল পেয়ে জোরালো শটে জাল খুঁজে নেন ইংলিশ মিডফিল্ডার। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি স্বাগতিকরা।

বিরতির পর অবশ্য ম্যাচে ফেরার চেষ্টা করে এএইকে। ৫২ মিনিটে পাল্টা আক্রমণ থেকে গোল করে ব্যবধান কমান স্তাভরোস পিলিওস। তবে তাদের সেই আশা বেশিক্ষণ টেকেনি। ৫৭ মিনিটে ফোডেনের পাস পেয়ে দারুণ দক্ষতায় গোল করেন শেরকি। তাতে আবার দুই গোলের ব্যবধানে এগিয়ে যায় সিটি।

এরপর ৬৫ মিনিটে লুইসের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন ফোডেন। ৭৬ মিনিটে বদলি খেলোয়াড় রায়ান ম্যাকঅডুর ক্রস থেকে বল জালে পাঠিয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক। ২০২৪ সালের এপ্রিলের পর প্রথমবার হ্যাটট্রিক করলেন তিনি।

মৌসুমের শুরুতে ছন্দ খুঁজে পেতে ভুগছিলেন ২৬ বছর বয়সী এই ফুটবলার। গোলের দেখা পেতে তাকে অপেক্ষা করতে হয়েছে প্রায় ১০ মাস। গত সপ্তাহান্তে ইপসউইচের বিপক্ষে গোল করে সেই খরা কাটানোর পর এবার এএইকের বিপক্ষে তিন গোল করলেন তিনি। দুই ম্যাচে চার গোল করে নিজের আত্মবিশ্বাসও ফিরিয়ে আনলেন ফোডেন।

হালান্ডকে বিশ্রামে রেখে মাঠে নামলেও আক্রমণে কোনো ঘাটতি ছিল না সিটির। নরওয়েজিয়ান স্ট্রাইকার বেঞ্চে থাকলেও মাঠে নামেননি। তার জায়গায় শুরুর একাদশে সুযোগ পেয়েছিলেন ১৭ বছর বয়সী ফ্লয়েড সাম্বা। তরুণ এই ফুটবলারও আক্রমণে ভূমিকা রেখেছেন।

এই জয়ে চ্যাম্পিয়নস লিগে দ্বিতীয় জয় পেল সিটি। আগের ম্যাচে পিএসজির কাছে ৪-২ গোলে হারের পর এএইকের বিপক্ষে বড় জয়ে ঘুরে দাঁড়াল তারা।